


ছুটি কাটানোর সময় প্রিয় পাহাড়, সমুদ্র বা শহরে যাত্রা মানুষকে দেয় একটু নিরিবিলি সময় এবং আরামদায়ক পরিবেশ। তবে অনেকের মধ্যেই থাকে এক ভয়—হোটেল রুম বা ট্রায়াল রুমে লুকানো গোপন ক্যামেরা আছে কি না। আধুনিক সময়ে এই ভয় অস্বাভাবিক নয়। তবে কিছু সহজ কৌশল জানা থাকলে নিজেরাই সহজে বুঝে নেওয়া সম্ভব, যে রুমে ক্যামেরা লুকানো আছে কি না। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন কিছু সহজ টিপস দেওয়া হয়েছে, যা স্মার্টফোন ব্যবহার করেই অনুসরণ করা যায়।
প্রথম কৌশল হলো রিফ্লেকশন দিয়ে খোঁজা। ফোনের ফ্ল্যাশলাইট চালু করে ঘরের কোণ, আলমারি, ঘড়ি, স্পিকার বা টিভি রিমোটের মতো সন্দেহজনক জায়গায় আলো ফেলুন। গোপন ক্যামেরার ছোট লেন্সে আলো পড়লে তা ফোনের ক্যামেরায় ছোট আলোর প্রতিফলন হিসেবে ধরা পড়বে।
অনেক হিডেন ক্যামেরা ইনফ্রারেড আলো ব্যবহার করে, যা সরাসরি চোখে দেখা যায় না, কিন্তু ফোনের ক্যামেরায় ধরা পড়ে। রুমের আলো নিভিয়ে ফোনের ক্যামেরা দিয়ে ঘুরে দেখুন। যদি কোথাও লালচে আলো দেখা যায়, তবে সেটি ইনফ্রারেড লাইট হতে পারে এবং সেখানে ক্যামেরা লুকানো থাকতে পারে।
দ্বিতীয় কৌশল হলো হিডেন ক্যামেরা ডিটেকশন অ্যাপ ব্যবহার করা। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, যেমন ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’, ‘গ্লিন্ট ফাইন্ডার’ বা ‘ফিং’। এগুলো ফোনের সেন্সর ব্যবহার করে কাছাকাছি থাকা লুকানো ক্যামেরা বা রেকর্ডিং ডিভাইস সনাক্ত করতে সাহায্য করে।
তৃতীয় কৌশল হলো ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান করা। যদি হিডেন ক্যামেরা ওয়াই-ফাইয়ের মাধ্যমে কাজ করে, তাহলে এটি হোটেলের নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারে। ফোন দিয়ে ওয়াই-ফাই স্ক্যান করুন এবং অচেনা কোনো ডিভাইস কানেক্টেড আছে কি না তা দেখুন। সন্দেহজনক কিছু দেখা গেলে সতর্ক হন।
চতুর্থ কৌশল হলো পোর্টেবল ক্যামেরা ডিটেকশন ডিভাইস ব্যবহার করা। ছোট ও পোর্টেবল ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’ ডিভাইস বাজারে বা অনলাইনে পাওয়া যায় এবং এগুলো গোপন ক্যামেরা শনাক্ত করতে কার্যকর।
যদি কোনো জায়গায় সন্দেহজনক কিছু মনে হয়, দেরি না করে হোটেল কর্তৃপক্ষকে জানান। প্রয়োজনে রুম পরিবর্তন বা অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন। আপনার নিরাপত্তা এবং গোপনীয়তা সর্বোচ্চ প্রাধান্য পাওয়া উচিত।
স্মার্টফোনের সহায়তায় কিছু সাবধানতা অবলম্বন করা আপনার ভ্রমণকে আরও নিশ্চিন্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ করে তুলতে পারে। তাই ব্যাগ গোছানোর সময় সচেতনতা সঙ্গে রাখাটাই ভালো।