


জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার- এর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম । তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় কারিনা ছিলেন রাজপথের এক নির্ভীক কণ্ঠস্বর, যিনি অন্যায়ের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এই শোক প্রকাশ করেন। পোস্টে তিনি কারিনার রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকার কথা স্মরণ করেন এবং তার অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন।
নাহিদ ইসলাম লেখেন, জুলাই বিপ্লবের আমাদের রাজপথের সহযোদ্ধা, বিশিষ্ট অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আরও উল্লেখ করেন, কারিনা লিভারজনিত গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ভাষায়, জুলাই আন্দোলনের উত্তাল সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে কারিনা দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং সাংস্কৃতিক প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
পোস্টে নাহিদ ইসলাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে কারিনার সাহসী ও আপসহীন অবস্থান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার এই অকাল বিদায় দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শূন্যতা তৈরি করেছে।
সবশেষে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে ধৈর্য ও সহ্যশক্তি কামনা করেন।