


জিম ছাড়াই ১৮ কেজি ওজন কমিয়ে ফ্যানদের তাক লাগালেন আমির খান। বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান, যিনি এখন ৬০ ছুঁইছুঁই, সম্প্রতি নিজের নতুন লুক দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। বিশেষ বিষয় হলো, তিনি কোনো জিম বা শক্তপোক্ত ব্যায়ামের সাহায্য ছাড়াই ১৮ কেজি ওজন কমিয়েছেন। নেটদুনিয়ায় এই পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে এই ওজন কমানোর রহস্য শরীরচর্চা নয়, বরং তার বিশেষ খাদ্যাভ্যাসে নিহিত।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, তার ওজন কমানোর নেপথ্যে রয়েছে ‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি’ বা প্রদাহ-বিরোধী ডায়েট। মজার বিষয় হলো, মূল উদ্দেশ্য ওজন কমানো নয়; দীর্ঘদিনের যন্ত্রণাদায়ক মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পেতেই তিনি এই ডায়েট শুরু করেছিলেন। তিনি বলেন, “আমি মাইগ্রেনের চিকিৎসার জন্য এই ডায়েট শুরু করেছিলাম। কিন্তু দেখলাম, আমার ১৮ কেজি ওজন কমে গেছে। এটি অনেকটা নিজে থেকেই হয়েছে। এখন মাইগ্রেনের সমস্যাও অনেক নিয়ন্ত্রণে রয়েছে।”
পুষ্টিবিদদের মতে, শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ‘ক্রনিক ইনফ্ল্যামেশন’ তৈরি হলে ইনসুলিন ও লেপটিন হরমোনের কার্যকারিতা বাধাগ্রস্ত হয়, যা মেদ জমার একটি প্রধান কারণ। অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার এবং মানসিক চাপ এই সমস্যাকে আরও তীব্র করে তোলে। আমিরের ক্ষেত্রে প্রদাহ-বিরোধী খাবারগুলো মেদ ঝরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ওজন কমানোর এই পদ্ধতি বলিউডে নতুন নয়; এর আগে অভিনেত্রী বিদ্যা বালানও একই ডায়েট মেনে স্বাস্থ্যকরভাবে ওজন কমিয়েছিলেন। আমির খানও তার ডায়েট চার্ট থেকে বেশ কিছু খাবার পুরোপুরি বাদ দিয়েছেন। এর মধ্যে রয়েছে চিনিযুক্ত পানীয়—যেমন কোল্ড ড্রিংকস বা প্যাকেটজাত জুস, রিফাইনড তেল বা সয়াবিন তেল, ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত মাংস, দুগ্ধজাত পণ্য এবং সাদা চাল বা ময়দার তৈরি খাবার। মূলত ঘরোয়া ও স্বাস্থ্যকর খাবার খেয়ে তিনি নিজের শরীর আমূলভাবে বদলে ফেলেছেন।