


লালমনিরহাটের সদর উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট ভাইকে ডুবে যেতে দেখে বাঁচাতে ঝাঁপ দিয়েছিল বড় ভাই। কিন্তু খরস্রোতা তিস্তার স্রোত কেড়ে নিল দুজনেরই প্রাণ।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার রাজপুর এলাকার তিস্তা নদীতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো- রাজাপুর গ্রামের রেজাউল করিম ও শিউলি বেগম দম্পতির ছেলে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শেফাউল করিম সিফাত (১৮) এবং অষ্টম শ্রেণির ছাত্র শোয়েব করিম স্বচ্ছ (১৪)। তারা দুজনই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে দুই ভাই একসঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ছোট ভাই স্বচ্ছ নদীর গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। ভাইকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেয় বড় ভাই সিফাত। কিন্তু তিস্তার তীব্র স্রোতে দুজনই ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায়।
ঘটনা দেখে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধাঘণ্টা পর দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই ছেলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, “ঘটনায় কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল থেকেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”