Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / চুয়াডাঙ্গায় ১ কোটি ৭০ লাখ টাকার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চুয়াডাঙ্গায় ১ কোটি ৭০ লাখ টাকার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

May 02, 2026 08:42:58 PM   অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় ১ কোটি ৭০ লাখ টাকার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা থানার আকন্দবাড়িয়া ও রাঙ্গিয়ারপোতা গ্রামে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য রুহুল আমীন। শনিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে এই উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করা রাস্তা দুটির মধ্যে একটি হলো দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া আবাসন প্রকল্প থেকে শৈলমারী বিল পর্যন্ত ১২৫০ মিটার দীর্ঘ পথ। অন্যটি হলো আকন্দবাড়িয়া থেকে রাঙ্গিয়ারপোতা সড়ক পর্যন্ত ৭৫০ মিটার। এই দুটি সড়কের মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা।

উদ্বোধন শেষে রুহুল আমীন বলেন যে এমপি হওয়ার পর এটিই তার নির্বাচনী এলাকায় প্রথম কোনো রাস্তার কাজের উদ্বোধন। তিনি তার আসনের একটি রাস্তাও কাঁচা না রাখার প্রতিশ্রুতি দেন। উন্নয়ন কাজের মান নিয়ে সতর্ক করে তিনি বলেন, রাস্তার কাজে কোনো ধরণের অনিয়ম বা ফাঁকি বরদাশত করা হবে না। এলাকার কাজ বুঝে নেওয়ার দায়িত্ব জনগণের। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা ২ আসন একটি কৃষিপ্রধান অঞ্চল। এখানকার রাস্তাঘাট ও কালভার্টের উন্নয়ন হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসল সরাসরি বাজারে বিক্রি করে লাভবান হতে পারবেন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা এলজিইডির প্রকৌশলী আখতার হোসেন এবং দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের উপস্থিত ছিলেন। এছাড়া দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল ইসলাম অপুসহ জামায়াত নেতা রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, মতিয়ার রহমান ও আক্কাছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেখানে অংশ নেন।