Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

May 02, 2026 08:44:21 PM   অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

রকিবুজ্জামান, দামুরহুদা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় হামের উপসর্গ নিয়ে আমির হামজা নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আমির হামজা দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কুড়ালগাছি গ্রামের ইব্রাহিমের ছেলে। এর আগে গত ২৪ এপ্রিল একই হাসপাতালে হুমাইরা নামের নয় মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছিল। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট তিন জন শিশুর মৃত্যু হলো। শিশুদের মধ্যে এ ধরণের রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত মোট ৭৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সদর হাসপাতালে ১৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আজ মোট ১৭ জন ভর্তি থাকলেও দুপুরের দিকে তিন জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুস সাকিব বলেন, হামের লক্ষণ নিয়ে আসা শিশুদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। হাসপাতালে রোগীর চাপ বাড়ায় এবং জায়গা কম থাকায় নতুন করে বড় পরিসরে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে নিয়মিত ওষুধে বেশিরভাগ রোগীই দ্রুত সুস্থ হয়ে উঠছে।

স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, শিশুদের এই রোগ থেকে রক্ষা করতে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। কোনো শিশুর শরীরে জ্বর বা লালচে দানার মতো কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।