Date: December 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / ঘুরতে গিয়েই আচমকা বিয়ের বন্ধনে বাঁধলেন অভিনেত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘুরতে গিয়েই আচমকা বিয়ের বন্ধনে বাঁধলেন অভিনেত্রী

November 28, 2025 05:30:17 PM   বিনোদন ডেস্ক
ঘুরতে গিয়েই আচমকা বিয়ের বন্ধনে বাঁধলেন অভিনেত্রী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী গোপনে বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছেন। শুক্রবার সকাল থেকে সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে তাঁর বিয়ের মনোমুগ্ধকর ছবিতে, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভারতীয় গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুকে বিয়ে করেছেন তনুশ্রী। দীর্ঘদিন ধরেই আটলান্টায় বসবাস করছেন সুজিত, প্রায় ২৮ বছর সেখানে কাটিয়েছেন তিনি। পাঁচ মাসের পরিচয় ও প্রেমের পরই তনুশ্রীর হৃদয় জয় করেন তিনি।

জানা গেছে, এই বিয়েটি ছিল সম্পূর্ণ সারপ্রাইজ। ছুটি কাটাতে লাস ভেগাসে গিয়েছিলেন তনুশ্রী, আর সে সুযোগে সব আয়োজন গোপনে সেরে রেখেছিলেন সুজিত। অবশেষে ভিডিও কলে পরিবারকে যুক্ত করে সেখানেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের সাজে তনুশ্রীর হাতে ছিল মেহেদি এবং গলায়-হাতে ঝলমলে হীরার গয়না। অন্যদিকে সুজিত ছিলেন কালো স্যুটে সুসজ্জিত। বিশেষ মুহূর্তে সুজিত তাঁকে প্রপোজ করেন হীরার আংটি পরিয়ে। বরের জন্য তনুশ্রীও তৈরি করেছেন একটি রোমান্টিক ট্যুর প্ল্যান— ফ্লোরিডা সফর।

২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রজগতে যাত্রা শুরু করেন তনুশ্রী চক্রবর্তী। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, ‘বেডরুম’-সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দারুণ সুনাম কুড়িয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় তাঁর ভক্তদের মধ্যেও আনন্দের জোয়ার সৃষ্টি করেছে।