Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়নে জিসিসির মতবিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়নে জিসিসির মতবিনিময় সভা

December 15, 2025 06:46:22 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়নে জিসিসির মতবিনিময় সভা

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় নগর ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় এবং এসএনভি (SNV) নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ‘নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর (SUWC)’ প্রকল্পের আওতায় জিসিসির সঙ্গে যৌথভাবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

সভায় বক্তারা নগর এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সেবাকে আরও কার্যকর, নিরাপদ ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ, সেবার মানোন্নয়নের কৌশল, নাগরিক স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও মানবসম্পদ) সানিউল কাদের এবং এসএনভির প্রতিনিধি তানিয়া তাবাসসুম ও তানভীর চৌধুরী। আলোচনায় গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার মো. রেজাউল বারী বাবুল।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রহমত উল্লাহ, নগর পরিকল্পনাবিদ সুমনা শারমিন, রাজস্ব কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান, পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক আরেফিন বাদল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, সরকারি মহিলা কলেজ গাজীপুরের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম, কলকারখানা অধিদপ্তর গাজীপুরের সহকারী মহাপরিদর্শক রবিউল ইসলাম বাঁধন এবং দৈনিক ভোরের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক মো. শাহজাহান খান প্রমুখ।

সভা শেষে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও পরিবেশবান্ধব ব্যবস্থা জোরদার, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে সেবার গুণগত মান উন্নয়নের বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।