


কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুর রহমান (৫৬) নামে এক কৃষককে ডাকযোগে কাফনের কাপড় ও হুমকিমূলক চিঠি পাঠানোর ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে পৌরসভার চন্ডিপুর মোল্লা কোনা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবদুর রহমান মোকতল হোসেনের ছেলে এবং দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন।
ভুক্তভোগীর দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, সেদিন সকালে চৌদ্দগ্রাম ডাক অফিসের পিয়নের মাধ্যমে একটি খাকি খাম ও একটি পার্সেল গ্রহণ করেন তিনি। খাম খুলে একটি সাদা কাগজে লেখা ভয়ংকর হুমকি দেখতে পান। চিঠিতে লেখা ছিল—“তোর কাফনের কাপড় রেডি, তুই ঘরে, রাস্তাঘাটে, বাজারে বা কোর্টে মরার জন্য প্রস্তুত থাকিস… তুই এখন গ্যাংদের টার্গেট, তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরো হবি।” পরে পার্সেল খুলে তিনি কাফনের কাপড়ের টুকরো দেখতে পান।
খামের প্রেরক হিসেবে পাশের রামরায় গ্রামের ‘জুলাস বেপারি’ নাম উল্লেখ থাকলেও খোঁজ নিয়ে ওই নামে কাউকে পাওয়া যায়নি। এমনকি খামে দেওয়া মোবাইল নম্বরেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এতে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। উল্লেখ্য, আবদুর রহমানের দুই ছেলে প্রবাসে থাকেন এবং তিনি স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে কেউ ভুয়া পরিচয় ব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছে। ব্যবহৃত মোবাইল নম্বরটিও অন্য জেলার এক ব্যক্তির নামে নিবন্ধিত বলে জানা গেছে। পুলিশ হুমকিদাতাকে শনাক্তে কাজ করছে।