


কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে স্থানীয় নেতাকর্মীদের আন্দোলন দশম দিনে গড়িয়েছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই টাউন হল মাঠে ইয়াছিনের সমর্থকরা জড়ো হতে থাকেন এবং গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিতে দীর্ঘ লাইনে দাঁড়ান। নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বলে আয়োজকরা জানান। একইসাথে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়েও এই গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল- “কুমিল্লা–৬ জনতার দাবি, ইয়াছিন ভাইয়ের মনোনয়ন চাই”, “ত্যাগীর মর্যাদা দিতে হবে”, “১৭ বছর যাকে পাই, নেতাই মোদের ইয়াছিন ভাই” এবং “উড়ে এসে নমিনেশন, মানি না মানব না”।
আন্দোলনরত নেতাকর্মীরা জানান, গত দশ দিনে তারা তাদের দাবি আদায়ে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন। এর মধ্যে মহাসড়ক অবরোধ, মশাল মিছিল, নারী সমাবেশ, গণ-ইফতার, মসজিদে দোয়া, অবস্থান কর্মসূচি এবং সংবাদ সম্মেলনের মতো নানা কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।
সমর্থকদের মতে, হাজী ইয়াছিন একজন “সৎ, ত্যাগী এবং এলাকার মানুষের পছন্দের প্রার্থী”। তারা বলেন, গত ১৭ বছর ধরে তিনি দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন। তাই কুমিল্লা-৬ আসনে তাকেই মনোনয়ন দেওয়া উচিত।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।