


কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলার যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীর সাথে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী বিক্ষোভ করেছেন। আজ রবিবার উপজেলার যুক্তিখোলা বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, যুক্তিখোলা বাজারের বিকাশ ব্যবসায়ী এবং নশরতপুর গ্রামের বাসিন্দা এনায়েত হোসেন এই ঘটনার সাথে জড়িত। দুপুর আনুমানিক ১২টার সময় তার নিজের দোকানে ওই ছাত্রীর সাথে তিনি অত্যন্ত জঘন্য ও অমানবিক আচরণ করেন।
এই খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এবং বাজারের ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে দোষীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্লোগান দেন। সাধারণ মানুষও এই প্রতিবাদে সংহতি প্রকাশ করে অংশ নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা নিরাপদ শিক্ষা পরিবেশ চান এবং এমন অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শান্ত হবেন না। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও শিক্ষার্থীরা সোমবার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীকে গ্রেপ্তার না করা হলে তারা আরও বড় ধরণের কর্মসূচি পালন করবেন।
এলাকাবাসীর দাবি, এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তারা চান ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী যাতে এমন ধরণের ঘটনার শিকার না হয়, তার জন্য একটি দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হোক।
লালমাই থানা পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন। দোষীকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।