Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ

May 16, 2026 10:34:40 AM   দেশেরপত্র ডেস্ক
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ

আজ শনিবার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে গড়ে ওঠা এই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে বিবেচিত। ১৯৭৬ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে সংঘটিত এই লংমার্চ শুধু একটি কর্মসূচি নয়, বরং পানি বণ্টন ও নদী রক্ষার দাবিতে গড়ে ওঠা জনসচেতনতার শক্তিশালী প্রতীক।

১৯৭৬ সালের এই দিনে ভাসানীর আহ্বানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক মানুষ রাজশাহীর মাদ্রাসা ময়দানে সমবেত হন। পরে বিশাল এই জনসমাগম নিয়ে শুরু হয় লংমার্চ, যা শেষ হয় চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে। মূল দাবি ছিল ফারাক্কা বাঁধের কারণে গঙ্গা-পদ্মা নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং বাংলাদেশের ন্যায্য পানির অধিকার নিশ্চিত করা।

১৯৭৫ সালে ভারতের মনোহরপুরে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধের মাধ্যমে গঙ্গার পানি অন্যদিকে প্রবাহিত করা হলে পদ্মা নদীর পানিপ্রবাহ ব্যাপকভাবে কমে যায়। ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে নাব্য সংকট, নদীভাঙন এবং ধীরে ধীরে মরুকরণের ঝুঁকি দেখা দেয়, যা মানুষের জীবন ও কৃষির ওপর গভীর প্রভাব ফেলে।

এই পরিস্থিতির প্রতিবাদেই ১৯৭৬ সালে ফারাক্কা লংমার্চের সূচনা ঘটে, যা তৎকালীন সময়ে পানি রাজনীতিতে এক বড় ধরনের জনমত তৈরি করে। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফারাক্কা পানি বণ্টন নিয়ে ৩০ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে বিভিন্ন সময় অভিযোগ ওঠে, চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রয়োজনীয় পানির ন্যায্য হিস্যা পুরোপুরি পাচ্ছে না।

ফারাক্কা লংমার্চ আজও বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদী আন্দোলন হিসেবে স্মরণ করা হয়, যা নদী ও পরিবেশ রক্ষার পাশাপাশি ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক হয়ে আছে।