


ইরান-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জার্মানির চ্যান্সেলর ফ্রেড্রিক মার্জ এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে, ইরানের সঙ্গে সংঘাত মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট কৌশল নেই এবং এই পরিস্থিতিতে কার্যত ইরানের নেতৃত্বের কাছেই অপমানিত হচ্ছে পুরো আমেরিকান জাতি।
জার্মানির নর্থ রাইন-ভেস্টফালিয়া অঙ্গরাজ্যের মার্সবার্গে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় অংশ নিয়ে চ্যান্সেলর ফ্রেড্রিক মার্জ বর্তমান বৈশ্বিক রাজনীতির অন্যতম স্পর্শকাতর ইস্যু—ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা থেকে বেরিয়ে আসার মতো কোনো কার্যকর “এক্সিট স্ট্র্যাটেজি” যুক্তরাষ্ট্রের হাতে নেই।
মার্জের ভাষায়, “এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না আমেরিকানরা কোন কৌশল বেছে নিচ্ছে। তারা যেন দিকহীন অবস্থায় রয়েছে।” তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তিনি আরও বলেন, ইরান কূটনৈতিকভাবে অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে। আলোচনার টেবিলে তারা যেমন আত্মবিশ্বাসী, তেমনি কৌশলগত দিক থেকেও শক্তিশালী অবস্থানে রয়েছে। মার্জের মতে, অনেকের ধারণার চেয়েও ইরান এখন বেশি সংগঠিত ও প্রস্তুত।
চ্যান্সেলর সরাসরি উল্লেখ করেন, “একটি পুরো জাতি ইরানের নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে”—যা মূলত যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থানকে ইঙ্গিত করে। তার এই মন্তব্যে স্পষ্ট যে, পশ্চিমা বিশ্বের ভেতরেও যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা বাড়ছে।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য পরিবর্তনের একটি ইঙ্গিতও বহন করে। ইরানের ক্রমবর্ধমান কূটনৈতিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের অনিশ্চিত অবস্থান আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে।
সূত্র: আল জাজিরা