


নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সেলিম শাহী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ৪১ জন সাক্ষীর সাক্ষ্য ও দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
নিহতের মা রাজিয়া সুলতানা রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “আমি রায়ে সন্তুষ্ট। উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে—এটাই চাই।”
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীনারায়ণপুর এলাকার নিজ বাসা থেকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা ও হাত-পায়ের রগ কাটা ছিল।
এ ঘটনায় নিহতের মা সুধারাম মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অদিতার সাবেক গৃহশিক্ষক রনিকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করে। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে নিজের অপরাধ স্বীকার করেন।
অদিতা হত্যাকাণ্ডের পর নোয়াখালী জুড়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন। দীর্ঘ প্রতীক্ষার পর এ রায় ঘিরে জেলাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
ডিপি/আবদুল্লাহ