


কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় দুজনকে আটক করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন। তাদের সঙ্গে ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্যরাও ছিলেন।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার নৌকা নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মো. কামাল প্রামাণিক (৪৯) ও মো. হাফিজুর রহমান (২৪) নামে দুজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে কোনো অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করে আসছিল, যা নদীর তীরবর্তী এলাকা ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছিল।
ইউএনও রফিকুল ইসলাম বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন একটি গুরুতর অপরাধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় কৃষক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং পদ্মাপাড় রক্ষায় নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।