Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সংসদে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সংসদে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

March 31, 2026 11:25:22 AM   দেশেরপত্র ডেস্ক
সংসদে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে অদ্ভুত এক ঘটনার মুখোমুখি হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নামাজ শেষে নিজের জুতা খুঁজে না পেয়ে বিস্মিত হলেও বিষয়টিকে হাস্যরসের সঙ্গে নিয়েছেন তিনি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিজ্ঞতাটি।

সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘটনার কথা জানান এমপি হানজালা। তিনি লেখেন, সংসদে নামাজ আদায় করতে গিয়ে হঠাৎই একটি মজার পরিস্থিতির সৃষ্টি হয়। নামাজ শেষে এসে দেখেন, তার নিজের জুতা আর সেখানে নেই। পরিবর্তে অন্য একটি জুতা রাখা রয়েছে।

পোস্টে তিনি ধারণা করেন, হয়তো কেউ ভুলবশত তার জুতা পরে চলে গেছেন, আর তার জুতাটিও অন্য কারও পায়ে চলে গেছে। বিষয়টিকে তিনি বিরক্তির বদলে জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু আনন্দদায়ক ঘটনার একটি হিসেবে উল্লেখ করেন।

এমপি হানজালা তার পোস্টে আরও লিখেন, যিনি ভুল করে জুতাটি নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। একই সঙ্গে তিনি অনুরোধ জানান, যদি সেই ব্যক্তি এই পোস্টটি দেখে থাকেন, তাহলে তার জুতাটি ফেরত দিলে তিনি খুশি হবেন। পাশাপাশি তিনি জানান, যিনি তার জুতা নিয়ে গেছেন, তার জুতাটি আগের জায়গাতেই রেখে দেওয়া হয়েছে।

পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। অনেকেই বিষয়টিকে মজার ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং এমপির সহজ-সরল প্রতিক্রিয়ার প্রশংসা করছেন।