


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের মধ্যে মানবপাচারকারী চক্রের ১০ সদস্যও রয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেন্টমার্টিন্স থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলরত জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু বোটটি সংকেত অমান্য করে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে নৌসদস্যরা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হন। এ সময় বোট থেকে ২৭৩ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। জব্দ করা কাঠের বোটটিতে নূন্যতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য ও পানির ব্যবস্থা ছিল না। নৌবাহিনী জানায়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই যাত্রায় গভীর সমুদ্রে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা ছিল। নৌবাহিনীর সময়োচিত পদক্ষেপের ফলে এই সম্ভাব্য বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ২৭৩ জন এবং জব্দ করা বোটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের জলসীমার নিরাপত্তা রক্ষা এবং সমুদ্রপথে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।