Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার!

April 26, 2026 07:06:38 PM   অনলাইন ডেস্ক
স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার!

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকায় নিরাপত্তাকর্মী ইউনুস আলীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকালে যশোর শহরের সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহত ইউনুস আলী বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেনাপোলের গাতিপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও মায়ের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কাজের কথা বলে ইউনুসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মরদেহ উদ্ধারের খবর দেখে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সেটি ইউনুসের বলে শনাক্ত করেন। মরদেহের গলায় আঘাতের চিহ্ন ও শ্বাসরোধের আলামত দেখে পুলিশের প্রাথমিক ধারণা ছিল এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বেনাপোল পোর্ট থানা-য় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিলন মোল্লা জানান, তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডে স্ত্রীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে তাসলিমা খাতুনকে আটক করা হয়।

ঘটনার পেছনের বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।