Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সুনামগঞ্জে আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্...

সুনামগঞ্জে আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৩

November 15, 2025 02:21:06 PM   অনলাইন ডেস্ক
সুনামগঞ্জে আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৩

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনার অভিযোগে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার রাতে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আনিসুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বখতিয়ারুল হক মাহি (২৩), জেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নিহার রঞ্জন এবং জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মিনা দাশ (৪০)।

মামলার এজাহারে বাদী এসআই আনিসুর রহমান উল্লেখ করেন, আসামিরা দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছিল। এজাহারে বলা হয়, বুধবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের লালপুর সেতুর ওপর অভিযুক্ত নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা ও সরকারি সম্পত্তি ধ্বংসের উদ্দেশ্যে সমবেত হয়।

খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে সমবেত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বখতিয়ারুল হক মাহি ও নিহার রঞ্জনকে আটক করে। পরে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে সুনামগঞ্জ শহরের একটি বাস কাউন্টার থেকে জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মিনা দাশকে গ্রেপ্তার করা হয়। এজাহার অনুযায়ী, তিনি পরদিন ঢাকায় অনুষ্ঠিতব্য একটি কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। পুলিশ তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং ঢাকার বাসের টিকিট জব্দ করেছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, আসামিরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল এবং রাষ্ট্রের জননিরাপত্তা ব্যাহত করে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।

এই মামলায় গ্রেপ্তারকৃত তিনজন ছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখত, সাধারণ সম্পাদক নোমান বখত পলিনসহ ৩২ জনকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি শিহাব নুর এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. শাহারুল আলম।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।