


পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজ এক স্কুলছাত্রীকে রাজধানীর বাড্ডায় কথিত এক চিত্রনায়িকার বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কথিত ওই নায়িকা ও তার ভাইসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। শুক্রবার (১৫ মে) ঢাকার বাড্ডা এলাকার একটি বাসা থেকে দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
মামলার আসামিরা হলেন- মো. আব্বাস আলী ওরফে আকাশ (৩৫), তার বড় বোন সুলতানা রোজ নিপা (৩৮) এবং মোছা. ফজিলা বেগম (৩৫)।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শিক্ষার্থীটি। পরে স্কুল ছুটির পরও বাড়িতে না ফেরায় খোঁজ শুরু করেন স্বজনরা। পরে জানা যায়, সেদিন সে স্কুলেই যায়নি।
সন্ধ্যায় শিক্ষার্থীর বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বলা হয়, “আপনার মেয়ে আমার কাছে এসেছে, আমি তাকে বিয়ে করেছি।” পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পুলিশ প্রযুক্তির সহায়তায় মোবাইল নম্বর ট্র্যাক করে ঢাকার বাড্ডা এলাকার একটি বাসা থেকে শিক্ষার্থীকে উদ্ধার করে। উদ্ধারকালে তার শারীরিক অবস্থা ভালো না থাকায় তাৎক্ষণিকভাবে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা দেবীগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্ত আকাশ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, নিখোঁজের জিডির পর অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।