


সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সুনামগঞ্জ পৌর শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তিনি আনানুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে হাজির হয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক পাঠদান কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন।
পরিদর্শনের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আকরাম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিনসহ বেশ কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন। তারা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা—স্কুল মাঠে মাটি ভরাটের প্রয়োজন, মেয়েদের ওয়াশব্লক নির্মাণ, কলাপসিবল গেট স্থাপন, শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের বসার বেঞ্চ সংকট—জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া স্কুলের প্রতিটি সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে তিনি শ্রেণিকক্ষগুলো ঘুরে শিক্ষার্থীদের পাঠদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে একটি শ্রেণিতে নিজেই ক্লাস নেন তিনি, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করে।
পরিদর্শন শেষে অফিস কক্ষে বসে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শতবর্ষপূর্তি উদযাপন বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক। এ সময় সহকারী শিক্ষক উমা রাণী তালুকদার, দিলদার চৌধুরী, ফারজানা আক্তার, মিফতাহুল জান্নাত, প্রিয়াংকা তালুকদারসহ বিদ্যালয়ের আরও শিক্ষক ও শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।