Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / পুলিশকে ‘ম্যানেজ করা থেকে বেরিয়ে আসা জরুরি: সংসদে হাসনাত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পুলিশকে ‘ম্যানেজ করা থেকে বেরিয়ে আসা জরুরি: সংসদে হাসনাত

March 30, 2026 07:29:44 PM   দেশেরপত্র ডেস্ক
পুলিশকে ‘ম্যানেজ করা থেকে বেরিয়ে আসা জরুরি: সংসদে হাসনাত

জাতীয় সংসদে পুলিশের বাজেট ঘাটতি ও এর প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ । তিনি বলেন, পুলিশের ওপর দায়িত্ব দেওয়া হলেও পর্যাপ্ত বাজেট না থাকায় অনেক ক্ষেত্রে ‘ম্যানেজ করে নাও’ সংস্কৃতি তৈরি হচ্ছে, যা দুর্নীতির ঝুঁকি বাড়াচ্ছে।

সোমবার (৩০ মার্চ) সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ে পুলিশের নানা বাস্তব সমস্যা রয়েছে। বিশেষ করে তদন্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনেক সময় প্রয়োজনীয় খরচ থানার পক্ষ থেকে দেওয়া হয় না বা যা দেওয়া হয় তা খুবই সীমিত। এতে বাধ্য হয়ে পুলিশ সদস্যরা বিকল্প উপায়ে খরচ জোগাড় করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েন।

তিনি উদাহরণ দিয়ে বলেন, সাম্প্রতিক ২৬ মার্চের কর্মসূচি আয়োজনের সময় বরাদ্দের চেয়ে বেশি খরচ হওয়ায় স্থানীয় ব্যবসায়ী বা প্রভাবশালীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হয়েছে। এ ধরনের পরিস্থিতিই ‘ম্যানেজ কালচার’ তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, পুলিশের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ বাজেট নিশ্চিত করা হবে কি না, যাতে তারা এ ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারে। একইসঙ্গে তিনি নিজের বক্তব্যে কোনো প্রোটোকলজনিত ভুল হয়ে থাকলে তা স্বীকার করে সংশোধনের কথাও জানান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদে সবাইকে নিয়ম মেনে একে অপরকে সম্বোধন করতে হবে। তিনি তরুণ সংসদ সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, সংসদে অংশগ্রহণ একটি গৌরবের বিষয়।

পুলিশের বাজেট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কার্যক্রম আরও দক্ষ ও দুর্নীতিমুক্ত করতে বাজেট বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, আগামী বাজেটে পুলিশের বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হবে। একইসঙ্গে তিনি স্বীকার করেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় প্রয়োজনীয় পরিমাণ রিসোর্স সবসময় দেওয়া সম্ভব হয় না, তবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশ ব্যবস্থা গড়তে ‘ম্যানেজ কালচার’ থেকে বেরিয়ে আসা জরুরি।