


নরসিংদীর মাধবদীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। প্রেমিককে কুপিয়ে গুরুতর আহত করার জেরে পাল্টা প্রতিশোধ নিতে প্রেমিকার স্বজনদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত চারটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
রোববার (২৬ এপ্রিল) রাতে মাধবদীর খরমুদ্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক সাজ্জাদ হোসেন (২২) স্থানীয় বাসিন্দা মাহতাব মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার ফারজানা আক্তারের (১৭) সঙ্গে সাজ্জাদের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তারা পালিয়ে গেলে মেয়ের পরিবার বিষয়টি মেনে নেয়নি এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনে। তবে রোববার সকালে ফারজানা আবারও সাজ্জাদের কাছে চলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় ফারজানার ভাই ও চাচাসহ কয়েকজন সাজ্জাদের এলাকায় গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত সাজ্জাদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে সাজ্জাদের পরিবারের লোকজন প্রতিশোধমূলকভাবে ফারজানার বাবার বাড়িসহ তার চাচা ও ফুফুর বাড়িতে আগুন দেয়। অভিযোগ রয়েছে, তারা পেট্রোল ঢেলে পরিকল্পিতভাবে আগুন লাগায়। এতে চারটি বাড়ির আসবাবপত্রসহ প্রায় সবকিছু পুড়ে যায়।
মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হলেও স্থানীয় বাধার কারণে তারা সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, প্রেম সংক্রান্ত বিরোধ থেকেই এই সহিংসতার সূত্রপাত। একপক্ষের হামলায় একজন আহত হওয়ার পর অপরপক্ষ প্রতিশোধ নিতে অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে।
ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রেমঘটিত বিরোধ থেকে এমন সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী, পাশাপাশি দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।