


নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় সংগঠনের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অধ্যাপক কাজী মাওলানা তাসনিম আলমের সভাপতিত্বে এবং মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
সভাপতির বক্তব্যে অধ্যাপক কাজী মাওলানা তাসনিম আলম বলেন, "জাতীয়তাবাদী ওলামা দল ইসলামী মূল্যবোধকে ধারণ করে দেশের জনগণের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাবে।"
প্রধান অতিথি অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক বলেন, "দেশের এই সংকটময় সময়ে ওলামায়ে কেরাম জাতির জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে পারেন। দেশের জনগণ এখন একটি পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।"
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডা. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, "দেশ আজ চরম দুঃশাসনের কবলে পড়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই সংগ্রামের নেতৃত্বে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার যোগ্য উত্তরসূরি রাষ্ট্রনায়ক তারেক রহমান, যিনি এ জাতির মুক্তির আশার আলো। দেশের প্রতিটি মানুষ আজ তার নেতৃত্বের জন্য অপেক্ষারত।"
বিশেষ বক্তা হাফেজ ক্বারী মিজবাহ উদ্দিন তালুকদার মাসুদ বলেন, "ওলামা দল তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে ইসলামী নৈতিকতার আলোকে তরুণ সমাজকে জাগ্রত করতে কাজ করবে।"
অনুষ্ঠানে আরও অনেক বক্তা সরকারের দমন-পীড়ন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।