Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / দখলমুক্ত করতে ফুটপাত ও সড়কে অভিযান চালাবে ডিএমপি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দখলমুক্ত করতে ফুটপাত ও সড়কে অভিযান চালাবে ডিএমপি

March 23, 2026 08:05:39 PM   অনলাইন ডেস্ক
দখলমুক্ত করতে ফুটপাত ও সড়কে অভিযান চালাবে ডিএমপি

রাজধানীতে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ অবস্থায় অবৈধ দখল উচ্ছেদে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত দখল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপগুলো নিজেদের নির্ধারিত সীমানার বাইরে ফুটপাত ও সড়ক দখল করে কার্যক্রম পরিচালনা করছে, যা নগরজীবনে মারাত্মক সমস্যা তৈরি করছে।

বিশেষ করে খাবারের রেস্টুরেন্টগুলোর রান্নার সরঞ্জাম, বার্নার, হাঁড়িপাতিল, গ্রিল মেশিন থেকে শুরু করে মোটর ওয়ার্কশপের টায়ার, যন্ত্রপাতি, ওয়েল্ডিং সামগ্রী, পোশাক ও আসবাবপত্রের দোকানের পণ্য ফুটপাত ও সড়কের ওপর রাখা হচ্ছে। ফলে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছে।

এছাড়া মোটরগাড়ির ওয়ার্কশপগুলো প্রায়ই রাস্তার একাংশ দখল করে গাড়ি মেরামতের কাজ করছে, যার ফলে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বাধ্য হয়ে পথচারীরা সড়কে নেমে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

ডিএমপি জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ দখল কোনোভাবেই সহ্য করা হবে না। তাই সব ব্যবসা প্রতিষ্ঠান, দোকান ও ওয়ার্কশপ মালিকদের দ্রুত ফুটপাত ও সড়ক থেকে তাদের মালামাল ও সরঞ্জাম সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

গণ-বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আগামী ১ এপ্রিল থেকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ সময় আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ডসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং যানজট কমাতে ডিএমপির এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।