


কম্পিউটারের সনদ জাল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক মো. সামছুজ্জোহার এমপিও (মাসিক পেমেন্ট অর্ডার) স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি এই সিদ্ধান্ত কার্যকর করে অভিযুক্ত প্রভাষক এবং কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আব্দুল কাউয়ুম অভিযোগ করেন কম্পিউটার প্রভাষক মো. সামছুজ্জোহা জাল সনদ ব্যবহার করে ২০০২ সালের ১ অক্টোবর এমপিওভুক্ত হন এবং দীর্ঘ সময় ধরে সরকারি অর্থ আত্মসাৎ করছেন। এই অভিযোগের ভিত্তিতে মাউশি একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। এরপর বিষয়টি মাউশির এমপিও কমিটিতে উপস্থাপন করা হলে অভিযুক্ত প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।
মো. সামছুজ্জোহা কারণ দর্শানোর নোটিশের জবাব দাখিল করলেও তা সন্তোষজনক না হওয়ায় কমিটি তার এমপিও সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়। মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, "জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১" অনুযায়ী তার বেতন-ভাতা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিচালক (ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট উইং) স্বাক্ষরিত এক চিঠিতে প্রভাষক মো. সামছুজ্জোহার বেতন-ভাতা স্থগিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি খুলনা অঞ্চলের পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।