


রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার খবর বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছায়। এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, খবর পাওয়ার পর প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে এখনো প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, বস্তির বড় অংশে আগুন লেগে ধোঁয়ার কুণ্ডলি অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিরন্তর আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
কড়াইল বস্তিতে আগুনের ঘটনা নতুন নয়। এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল, তখন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। সেই ঘটনায় ৬১টি ঘর পুড়ে যায়। তার দুই মাস আগে, ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিতে আগুন লেগেছিল।