


আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) চলাকালীন চ্যাম্পিয়ন দল বদলে ফেলার ঘটনায় মহাদেশের ফুটবলে অস্থিরতা বিরাজ করছিল। এই অস্থিরতার মাঝেই কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) মহাসচিব ভেরন মোসেঙ্গো-ওম্বা পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও তার দাবি পদত্যাগের কারণ ব্যক্তিগত।
ওম্বা বলেছেন, “আন্তর্জাতিক অঙ্গনে ৩০ বছরের বেশি সময় ধরে মানুষকে ঐক্যবদ্ধ করা, শিক্ষা দেওয়া এবং নতুন প্রত্যাশার দুয়ার খোলার পর আমি সিএএফ মহাসচিবের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এখন ব্যক্তিগত উদ্যোগে মনোযোগ দিতে চাই।” বাধ্যতামূলক অবসরের বয়স ৬৩ পার হওয়া সত্ত্বেও দায়িত্বে থাকায় সাম্প্রতিক সময়ে তার সমালোচনা বেড়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সিএএফের নির্বাহী কমিটির মধ্য থেকেও তার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল।
ওম্বা পদত্যাগের পেছনে সমালোচনার ভূমিকার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “কিছু মানুষ আমার বিরুদ্ধে যে সন্দেহ ছড়াতে অনেক দূর পর্যন্ত গিয়েছিল, তা দূর করতে পেরেছি। তাই এখন আমি কোনো বাধা ছাড়াই শান্ত মনে অবসর নিতে পারছি এবং আগের চেয়ে আরও সমৃদ্ধ সিএএফ রেখে যাচ্ছি।”
সর্বশেষ আফকন টুর্নামেন্টে ফাইনালে স্বাগতিক মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। তবে ফাইনালের শেষ মুহূর্তে মরক্কোকে দেওয়া রেফারির পেনাল্টির প্রতিবাদে সেনেগাল সাময়িকভাবে মাঠ ছেড়ে চলে যায়। পরে দলের সবচেয়ে বড় তারকা সাদিও মানে সতীর্থদের বুঝিয়ে মাঠে ফেরান। এই সাময়িক ওয়াক-অফের কারণে সিএএফ সম্প্রতি সেনেগাল থেকে শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে।
তবে শিরোপা ফিরে পেতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে সেনেগাল। সিএএফ সভাপতি প্যাট্রিস মোতসেপে জানিয়েছেন, “ক্রীড়া সালিশি আদালত যে সিদ্ধান্ত দেবে, আমরা সেটিই মেনে নেব।”