Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / অবাধ নির্বাচন ছাড়া জাতির সামনে বিকল্প কিছু নেই: আবুল হোসেন আজাদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অবাধ নির্বাচন ছাড়া জাতির সামনে বিকল্প কিছু নেই: আবুল হোসেন আজাদ

August 23, 2025 08:47:55 PM   অনলাইন ডেস্ক
অবাধ নির্বাচন ছাড়া জাতির সামনে বিকল্প কিছু নেই: আবুল হোসেন আজাদ

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
"অবাধ ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচন ছাড়া জাতির সামনে আর কোনো বিকল্প নেই" বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো সংশয় না থাকলেও সবাইকে ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে।”

শনিবার বিকেলে উপজেলার মজিদপুর ইউনিয়নের শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং সকালে হাসানপুর ইউনিয়নের রেজাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত পৃথক দুটি নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হোসেন আজাদ বলেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে অধিকার ফিরে পাওয়ার জন্য। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য। আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে আমাদের প্রধান কাজ হবে ৩১ দফা বাস্তবায়ন করা, যা নারীদের অধিকার নিশ্চিত করবে। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তাতে আমাদের টিকে থাকার সংগ্রাম মোটেও সহজ ছিল না।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে। একে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করা গেলে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব। স্বৈরাচার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। রাষ্ট্র পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা থাকায়, সরকার গঠন করতে পারলে বিএনপি এ অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে।”

মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা প্রমুখ।

এর আগে সকালে হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশেও তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। দুটি সমাবেশেই উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন।