Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / ১৩ জেলার ওপর শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১৩ জেলার ওপর শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা

January 11, 2026 09:16:51 PM   অনলাইন ডেস্ক
১৩ জেলার ওপর শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা

দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত এবং উত্তর-পূর্ব শ্রীলংকা উপকূলসংলগ্ন নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলংকা উপকূল অতিক্রম করেছে। পরে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে গুরুত্বহীন অবস্থায় রয়েছে। তবে এর একটি বর্ধিতাংশ এখনও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে, যা শৈত্যপ্রবাহের অনুকূল পরিবেশ তৈরি করছে।

এই পরিস্থিতিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যান্য অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের আটটি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। এই সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।

শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।