


পটুয়াখালীর বাউফল উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনে বসা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওহিদুজ্জামান নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসন ও পুলিশের উপস্থিতিতেই হঠাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অনুষ্ঠানে সামনে বসা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয় এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জামায়াতের কয়েকজন নেতার ওপর বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মীর হামলার অভিযোগও ওঠে।
ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু এবং বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ বিষয়ে মো. সহিদুল আলম তালুকদার, মাওলানা মো. ইসাহাক মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু বলেন, দুই পক্ষের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল, যা দ্রুত মীমাংসা করা হয়েছে। কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান নির্ধারিত সময়েই সম্পন্ন হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, ঘটনাটি মূলত সামনে বসা নিয়ে ভুল বোঝাবুঝি থেকে ঘটে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।