Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / মারা গেলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মারা গেলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক

April 05, 2026 03:35:23 PM   অনলাইন ডেস্ক
মারা গেলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক আর নেই। রোববার (৫ এপ্রিল) সকাল ৮টায় ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত জটিলতায় দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন।


১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবিএম আনোয়ারুল হক। শিক্ষাজীবনে তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন। এরপর সড়ক ও জনপথ (সওজ) বিভাগে দীর্ঘ সময় কর্মরত ছিলেন। সরকারি চাকরি শেষ করার পর তিনি রাজনীতির ময়দানে প্রবেশ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসন থেকে নৌকা প্রতীকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জাতীয় সংসদে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকারের আমলে তার একক ও বলিষ্ঠ উদ্যোগে যমুনা নদীর ভাঙন থেকে এলাকা রক্ষায় বহুল প্রতীক্ষিত জাফরগঞ্জ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পটি সরকারি অনুমোদন পায়। এছাড়া নিজের নির্বাচনি এলাকায় গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সাবেক এই নেতা তাঁর এলাকার মানুষ ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে গভীর শোক সৃষ্টি করেছেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ শোকাহত।