Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জয়ী বাদশার শপথ গ্রহণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জয়ী বাদশার শপথ গ্রহণ

April 12, 2026 08:07:21 PM   জেলা প্রতিনিধি
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জয়ী বাদশার শপথ গ্রহণ

বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচনে জয়ী সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসন থেকে নির্বাচিত মো. মাহমুদুল হক রুবেল শপথ গ্রহণ করেছেন। রবিবার (১২ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তার কার্যালয়ে নবনির্বাচিত এই দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানান এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও অংশ নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ ও অন্যান্য হুইপসহ সংসদ সদস্যগণ। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নিয়ম অনুযায়ী দুই নতুন সংসদ সদস্য শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, আনুষ্ঠানিক শপথের মধ্য দিয়ে তারা এখন থেকে সংসদীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, গত উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন রেজাউল করিম বাদশা। তার এই শপথ গ্রহণের খবরে বগুড়া সদর এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তারা আশা করছেন, নতুন সংসদ সদস্য এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।