


জয়পুরহাটের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি ঘোষণা দিয়েছেন, জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পাশাপাশি একে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তর করা হবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালটির কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন।
তিনি বলেন, "হাসপাতালটির শয্যাসংখ্যা ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য খাতে বড় ধরনের উন্নয়ন সম্ভব হবে। এতে এই অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে এবং চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।"
সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব উন নবী, হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শামসুজ্জোহা, রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইটসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজ প্রতিমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলছেন, জয়পুরহাটে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থা এক অনন্য উচ্চতায় পৌঁছাবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।