


নোয়াখালী-৬ আসন -এর সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ভুয়া ধর্ষণের প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার হরনী ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ঝাড়ু হাতে সড়কে নেমে মিছিল করেন এবং সংসদে দেওয়া বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে তারা এমপির বক্তব্যকে অনভিপ্রেত ও দুঃখজনক বলে উল্লেখ করেন।
বক্তারা দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
মিছিলে অংশ নিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, “সংসদে দেওয়া বক্তব্যের জন্য তাকে হাতিয়াসহ জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।”
উপজেলা যুবদলের সদস্যসচিব ফাহিম উদ্দিন বলেন, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।
স্থানীয়রা জানান, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।