


শীতের আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, গুলশান, ভাটারা ও লিংক রোডসহ আশপাশের কয়েকটি এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এতে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনে নগরবাসীর মধ্যে কিছুটা ভোগান্তিও দেখা দিয়েছে।
এর আগে শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছিল, শুক্রবার রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে এর প্রভাব বেশি দেখা যেতে পারে।
আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগ এলাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে সিলেট, রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগ অঞ্চল দিয়ে এই বৃষ্টিবলয় দেশে প্রবেশ করবে এবং আগামী ১৮ মার্চ উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে।