


পাবনার ঈশ্বরদীতে নিজেকে সহকারী জজ পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে ঈশ্বরদী থানায় অবস্থানকালে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি এক নারীসহ থানার ওসির কক্ষে উপস্থিত হয়ে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। তিনি পুলিশি পাহারায় রাত্রীযাপনের জন্য সহযোগিতাও চান।
তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশের সন্দেহ হয়। পরে পরিচয় যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন। ভুয়া পরিচয়ে প্রতারণার উদ্দেশ্যে তিনি সেখানে অবস্থান করছিলেন।
ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত সেখান থেকে চলে যান।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তি আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। নৈতিক স্খলনের অভিযোগে তিনি চাকরি হারান।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, তাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।