Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

January 15, 2026 09:18:18 PM   অনলাইন ডেস্ক
নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা । ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে আন্দোলন করেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে রাখার পর সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে তারা সড়ক ছেড়ে দেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামী সোমবার তারা ‘গণজমায়েত ও অধ্যাদেশ মঞ্চ’ কর্মসূচি পালন করবেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন। এতে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে শিক্ষার্থীরা অনড় অবস্থান নেন। শেষ পর্যন্ত সন্ধ্যা পৌনে ৬টার দিকে নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে তারা অবরোধ তুলে নেন।

আন্দোলনকারীদের প্রধান দাবি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে বিচ্ছিন্ন করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলমান প্রশাসনিক জটিলতা, পরীক্ষা ও সেশনজট নিরসনের জন্য চূড়ান্ত অধ্যাদেশ জারি করা ছাড়া কোনো বিকল্প নেই। সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না থাকায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলেও জানান আন্দোলনের সমন্বয়করা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী সোমবারের গণজমায়েত কর্মসূচি সফল করতে তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। ওই দিন সকাল থেকেই ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে রাজধানীর শিক্ষা ও যাতায়াত ব্যবস্থায় নতুন করে প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।