Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ঘুষ দাবির অভিযোগে এসআই প্রত্যাহার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘুষ দাবির অভিযোগে এসআই প্রত্যাহার!

May 14, 2026 09:33:48 PM   অনলাইন ডেস্ক
ঘুষ দাবির অভিযোগে এসআই প্রত্যাহার!

জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ কিশোরীকে উদ্ধারে টাকা নেওয়ার অভিযোগে এক এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। অভিযুক্ত উপ-পরিদর্শকের নাম সঞ্জয় কুমার বর্মন। তিনি ক্ষেতলাল থানায় কর্মরত ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচুপীর খন্দকারপাড়া গ্রামের এক ব্যক্তি তার ১৩ বছর বয়সী মেয়ের নিখোঁজের ঘটনায় গত ৮ এপ্রিল ক্ষেতলাল থানায় সাধারণ ডায়েরি করেন। তদন্তের দায়িত্ব পান এসআই সঞ্জয় কুমার বর্মন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কিশোরীকে উদ্ধারের কথা বলে এসআই সঞ্জয় ৩ হাজার টাকা নেন। তবে টাকা নেওয়ার পরও মেয়েটিকে উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

পরে গত ৫ মে আদালতে মামলা দায়ের করে পরিবারটি। একইসঙ্গে ৭ মে পুলিশ সুপারের কাছে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই সঞ্জয় কুমার বর্মনকে থানা থেকে প্রত্যাহার করে জয়পুরহাট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর তাকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে, নিখোঁজের এক মাস পার হলেও এখনো কিশোরীর কোনো সন্ধান মেলেনি।