


দিনাজপুরের বিরামপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। একই গ্রামের চারটি মরদেহ পাশাপাশি খাটিয়ায় দেখে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।
বুধবার (১৫ এপ্রিল) সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার নিশিবাপুর মাদরাসা মাঠে চারজন নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে কাফনে মোড়ানো চারটি মরদেহ পাশাপাশি খাটিয়ায় রাখা হলে স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। জানাজায় ইমামতি করেন হাফেজ রিয়াজুল ইসলাম।
নিহতরা সবাই একই এলাকার বাসিন্দা হওয়ায় পুরো নিশিবাপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে চারজনের মৃত্যুতে পরিবারগুলোর পাশাপাশি গ্রামবাসীরাও শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।
জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা ১৩ জনের মধ্যে সাতজন নিহত এবং ছয়জন আহত হন। নিহতদের মধ্যে চারজনই বিরামপুর উপজেলার নিশিবাপুর গ্রামের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, ওইদিন সকালে কাজের উদ্দেশ্যে কুমিল্লায় যাচ্ছিলেন তারা। পরে চট্টগ্রামগামী একটি চালের ট্রাকের ওপর চড়ে যাত্রা শুরু করেন। রাতের দিকে দুর্ঘটনায় পড়ে তাদের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল রহিম বলেন, “একসঙ্গে এতজনের জানাজা আমরা আগে কখনো দেখিনি। এটি আমাদের জন্য এক গভীর শোকের দিন।”
এদিকে, নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
একসঙ্গে চারজনের জানাজা ও দাফনকে কেন্দ্র করে নিশিবাপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের আবহ, যা সহজে কাটিয়ে ওঠা কঠিন বলে মনে করছেন স্থানীয়রা।