Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা!

April 03, 2026 10:15:37 AM   অনলাইন ডেস্ক
ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা!

পাবনার ঈশ্বরদীতে ভয়াবহ হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ইমরান হোসেন সোহাগ (২৮) নামে এক ছাত্রদল নেতা। বৃহস্পতিবার গভীর রাতে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে প্রথমে গুলি করে, পরে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর হত্যার নেপথ্য কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাঁড়া গোপালপুর স্কুলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল মহান্নবী পাড়া এলাকার ইমানুল হকের ছেলে। তিনি স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং জিয়া সাইবার ফোর্সের ঈশ্বরদী উপজেলা শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোহাগ সাঁড়া গোপালপুর স্কুলের বিপরীত পাশে একটি ক্লাবে বসে কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে করে হেলমেট ও মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে ধাওয়া শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে সোহাগসহ অন্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে সোহাগ পাশের একটি ধানক্ষেতের আইলে গিয়ে পড়ে গেলে সেখানেই তাকে ঘিরে ফেলে হামলাকারীরা।

এরপর খুব কাছ থেকে তাকে গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ড শেষে দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, মরদেহের মাথার অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে কারা, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে।

নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।