


আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ বয়ে না গেলেও তাপমাত্রা তুলনামূলক কম থাকায় অনেক জেলায় কনকনে শীত অনুভূত হচ্ছে। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে তাপমাত্রা কখনো সামান্য বাড়তে পারে, কখনো কমতে পারে আবার কখনো অপরিবর্তিতও থাকতে পারে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সার্বিকভাবে দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকবে এবং শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরের দিকে কিছু এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এদিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে কয়েকটি এলাকায়। তবে এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় কোনো পরিবর্তন না হয়ে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ভোরের দিকে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা থাকলেও এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।