


বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল ক্রিকেটের ময়দানেও নিজেদের শক্তি প্রমাণ করতে শুরু করেছে। তবে ক্রিকেটে ব্রাজিলের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।
গত শুক্রবার (২৮ নভেম্বর) বুয়েন্স আইরেসে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে ব্রাজিলকে ৮ উইকেটে পরাজিত করেছে আর্জেন্টিনা। টস জিতে ব্যাট করতে নেমে ব্রাজিল ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে লড়াকু ইনিংস খেলেন ওপেনার লুইস মোরাইস, যিনি ৫৫ বলে ৫১ রান অপরাজিত থাকেন। আরেক ওপেনার রেজাউল করিম মাত্র ১৭ রান করেন। দলের অন্য কোনো খেলোয়াড় দুই অঙ্কের রান ছুঁতে পারেননি।
আর্জেন্টিনার বোলিংয়ে লুকাস রসি নজরকাড়া পারফরম্যান্স দেখান। তিনি ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৮ রান খরচায় ৩টি উইকেট নেন। অগাস্টিন রিভেরো ১৮ রানে ২ উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে আর্জেন্টিনার অধিনায়ক ও ওপেনার পেদ্রো বেরন ঝকঝকে ইনিংস উপহার দেন। ৪২ বলে ৭ চার ও ১ ছক্কায় তিনি ৫৩ রান করেন। এছাড়া আলেজান্দ্রো ফার্গুসন ২৩ এবং অ্যালান কির্সবম ১৭ রান যোগ করেন। আর্জেন্টিনা মাত্র ১৪.৫ ওভারে লক্ষ্য পূর্ণ করে ম্যাচ জয়লাভ করে।
দুই দলের মধ্যে এ পর্যন্ত অনুষ্ঠিত তিন ম্যাচের সবকটিতেই জিতেছে আর্জেন্টিনা। ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা শুরু করা দুই দলের মধ্যে আর্জেন্টিনার রেকর্ড উল্লেখযোগ্য। ২৯টি ম্যাচে তারা ১৭টি জয় পেয়েছে, যেখানে ব্রাজিল ১৬ ম্যাচে মাত্র ৪টি জয় পেয়েছে।
এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচ সিরিজে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। একই মাঠে আজ শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল।