Date: December 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / ৩-৪ বছরের মধ্যেই এশিয়ার শীর্ষ দলগুলোর কাতারে উঠবে বাংলাদেশ, বললেন মালয়েশিয়া কোচ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্য...

৩-৪ বছরের মধ্যেই এশিয়ার শীর্ষ দলগুলোর কাতারে উঠবে বাংলাদেশ, বললেন মালয়েশিয়া কোচ

November 29, 2025 09:23:12 AM   ক্রীড়া ডেস্ক
৩-৪ বছরের মধ্যেই এশিয়ার শীর্ষ দলগুলোর কাতারে উঠবে বাংলাদেশ, বললেন মালয়েশিয়া কোচ

বাংলাদেশ নারী ফুটবলের সম্ভাবনা নিয়ে মালয়েশিয়া দলের কোচ জোয়েল কর্নেলি জানিয়েছেন আশাবাদী বার্তা। তিন জাতি নারী প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও সময় পেলে আগামী ৩-৪ বছরের মধ্যে বাংলাদেশ এশিয়ার অন্যতম সেরা দলে পরিণত হতে পারে।

আগামী শনিবার বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে মালয়েশিয়া। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার কোচের কাছে বাংলাদেশের সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নই ঘুরেছে প্রথম ম্যাচকে কেন্দ্র করে—যে ম্যাচে মালয়েশিয়ার কাছে ০-১ গোলে হেরেছিল বাংলাদেশ। গোলের সুযোগ তৈরি করেও জালে বল পাঠাতে না পারলেও দুইজন বাংলাদেশি ফুটবলারের প্রশংসা করতে ভুললেন না জোয়েল কর্নেলি। তিনি বিশেষভাবে উল্লেখ করেন উইঙ্গার ঋতুপর্ণা চাকমা ও ছয় নম্বর জার্সিধারী মনিকা চাকমার কথা, যাদের পারফরম্যান্স তার নজর কেড়েছে।

কোচ কর্নেলির মতে, বাংলাদেশ দলের ভিত্তি শক্ত হচ্ছে এবং দলে আছে বেশ কয়েকজন সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়। তিনি বলেন, এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেওয়াটাই প্রমাণ করে দলটির উন্নতির ধারা সঠিক পথে রয়েছে। ধারাবাহিকতা বজায় রাখলে খুব দ্রুতই বাংলাদেশ এশিয়ার শক্তিশালী দলগুলোর কাতারে উঠে আসবে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক মজা করেই প্রশ্ন করেন—বাংলাদেশ দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে তিনি কী করবেন? হাসিমুখেই জোয়েল বলেন, মালয়েশিয়ার সঙ্গে তার চুক্তি ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে, এরপর তিনি ‘ফ্রি’ থাকবেন।

সিনিয়র দলের পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলও প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করেছে—যা নারী ফুটবলে দেশের অগ্রগতির আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।