


ভোলার চরফেশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা তিন মাস বয়সী এক অসুস্থ কন্যাশিশুকে রেখে উধাও হয়েছেন তার সঙ্গে থাকা এক নারী। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির পরিবার বা স্বজনদের কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় শিশুটির পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন ও পুলিশ।
শুক্রবার (৮ মে) বিকেলে চরফ্যাশনের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল ও প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক নারী তিন মাস বয়সী শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। পরে মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অন্য এক নারীর পাশে শিশুটিকে রেখে কৌশলে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে আশপাশের রোগী ও হাসপাতাল কর্মীদের নজরে আসে বিষয়টি। পরে তারা হাসপাতালজুড়ে শিশুটির স্বজনদের খোঁজাখুঁজি করলেও কাউকে পাওয়া যায়নি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসা শুরু করে।
খবর পেয়ে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক জানান, শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তবে কী কারণে তাকে হাসপাতালে ফেলে যাওয়া হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়নি। আমরা পরিচয় শনাক্তে কাজ করছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে এবং হাসপাতালে তার চিকিৎসা চলছে। পরিবারকে খুঁজে না পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে শিশুটিকে সরকারি শিশু সদনে পাঠানো হতে পারে।