Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / শপথ নিয়েই কড়া বার্তা থালাপতি বিজয়ের: জনগণের এক টাকাও স্পর্শ করব না - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শপথ নিয়েই কড়া বার্তা থালাপতি বিজয়ের: জনগণের এক টাকাও স্পর্শ করব না

May 10, 2026 09:10:40 PM   আন্তর্জাতিক ডেস্ক
শপথ নিয়েই কড়া বার্তা থালাপতি বিজয়ের: জনগণের এক টাকাও স্পর্শ করব না

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণেই কঠোর অবস্থান জানালেন থালাপতি বিজয়। জনগণের অর্থ ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার করে তিনি বলেন, জনগণের একটি টাকাও তিনি স্পর্শ করবেন না এবং প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে সব কাজ বাস্তবায়ন করবেন।

রোববার (১০ মে) শপথগ্রহণের পর দেওয়া প্রথম বক্তব্যে বিজয় থালাপতি নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, নতুন সরকারের প্রধান হিসেবে তার লক্ষ্য হবে জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি ধীরে ধীরে পূরণ করা এবং প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করা।

তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি সতর্কভাবে কাজ করবেন এবং সরকারি অর্থ ব্যবহারে কঠোর নীতি অনুসরণ করবেন। তার ভাষায়, “আমি জনগণের একটি টাকাও স্পর্শ করবো না।”

নিজেকে সাধারণ মানুষের একজন হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, তিনি কোনো ভুল করবেন না এবং তার সঙ্গে থাকা কেউও যেন ভুল না করে সে বিষয়েও তিনি সতর্ক থাকবেন। একই সঙ্গে যারা খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করতে চায়, তাদের এখনই সেই পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

বিজয় বলেন, তিনি নিজেকে কোনোভাবেই অতিমানব বা বিশেষ কেউ মনে করেন না। বরং তিনি সাধারণ মানুষের মতোই একজন নাগরিক, যিনি জনগণের সঙ্গে থেকেই কাজ করতে চান।

তিনি আরও বলেন, সরকার গঠন মানে শুধু প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবায়নের দায়িত্ব। তবে তিনি জনগণের সহযোগিতা পেলে সবকিছু সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন এবং কিছুটা সময় দেওয়ার অনুরোধ জানান।

বক্তব্যে তিনি স্বীকার করেন, সব প্রতিশ্রুতি তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব নয়, তবে ধীরে ধীরে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।

সূত্র: এনডিটিভি