


শাকিব খানের সঙ্গে নিজের গোপন বিয়ের স্মৃতি আবারও মনে ফিরিয়ে আনলেন ঢালিউডের চিত্রনায়িকা শবনম বুবলি। রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত দুই দিনের বিয়ে বাড়ি উৎসবে নববধূ সাজে উপস্থিত হয়ে তিনি নিজের সেই বিশেষ দিনের গল্প খুলে বললেন।
সোনালী আভাযুক্ত হালকা বেগুনি ল্যাহেঙ্গা ও অত্যন্ত সিম্পল গহনায় যখন বুবলি মঞ্চে উঠলেন, দর্শকের মাঝে যেন ছড়িয়ে পড়ল অন্যরকম উচ্ছ্বাস। এটি কোনো সিনেমার শুটিং নয়, উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনেই বউ সেজেছেন তিনি। নকল বিয়ের এই সাজ তাকে স্মৃতিকাতর করে তুলেছিল ২০১৮ সালের আসল বিয়ের দিনটির কথা মনে করিয়ে দিয়ে।
স্মৃতিচারণে বুবলি জানান, তাদের সেই বিয়েটিতে গোপনীয়তার মাত্রা ছিল অনেক বেশি। আয়োজনের ঘাটতি না থাকলেও সবকিছুই হয়েছিল নীরবে। বুবলি বলেন, বিয়ের দিনের পোশাকটি শাকিব খানের নিজের পছন্দ করা ছিল, আর সেই সাজে তাকে দেখে মুগ্ধ হয়েছিলেন ঢালিউডের এই সুপারস্টার। তার ভাষায়, আজও সেই প্রথম দিনের মতোই বুবলির পোশাক ও সাজ মুগ্ধ করে তার ‘আপন মানুষ’কে।
যদিও শাকিব খান এসব বিষয়ে নীরব থাকেন, তবে বুবলির স্মৃতিচারণে উঠে এসেছে শাশুড়ির ভালোবাসা থেকে শুরু করে শাকিব–বাবা–ছেলের সম্পর্কের কথাও। এমনকি মেগাস্টারের দ্বিতীয় বিয়ের খাবার মেন্যু নিয়েও খানিকটা আভাস দিলেন তিনি।
এম এন মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এই ‘বিয়ে বাড়ি উৎসবে’ এক ছাদের নিচে সাজানো হয়েছিল বিয়ের সব আয়োজন। সেই উৎসবের উদ্বোধনী পর্বেই নববধূর সাজে আবারও মুগ্ধতা ছড়ালেন শবনম বুবলি—আর ফিরে গেলেন তার জীবনের সবচেয়ে গোপন অথচ সবচেয়ে স্মরণীয় দিনের কাছে।