


তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে রংপুরের মিঠাপুকুরে সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে হেযবুত তওহীদ। বৃহস্পতিবার দুপুরে মিঠাপুকুর প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি এরশাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময়ে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের রংপুর অঞ্চলের সভাপতি আব্দুল কুদ্দুস শামীম।
এসময় তিনি বলেন, ঔপনিবেশিক যুগের উত্তরাধিকার হিসেবে পাওয়া আমাদের চলমান রাজনীতি, অর্থনীতি ও বিচারব্যবস্থা বর্তমানে তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে। যে কারণে রাষ্ট্র বারবার তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার দরুন অন্যায়, অশান্তি, দুর্নীতি, অরাজকতা ও মব সন্ত্রাসের মতো ভয়ানক ব্যাধি রাষ্ট্র ও সমাজকে গিলে খাচ্ছে। ফলে সত্য প্রচারের ক্ষেত্রেও কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যম কর্মীদেরও। যার দরুন সর্বশ্রেণীর মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছে ন্যায়ের পক্ষে কথা বলার বাক স্বাধীনতা।
শামীম আরো বলেন, এই অশান্তি থেকে মুক্তি পেতে হলে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেয়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, বিচারিক অঙ্গন সহ প্রতিটি অঙ্গনকে আল্লাহর দেয়া বিধানের আলোকে ঢেলে সাজাতে হবে। হেযবুত তওহীদ সেই রূপরেখাই জাতির সামনে তুলে ধরছে। তাই চলমান রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার হেযবুত তওহীদে এই মহতি উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
সংগঠনের মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে মতবিনিময়ে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রংপুর জেলার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ রুবেল, আন্তধর্মীয় যোগাযোগ সম্পাদক আব্দুল ওয়াহাব মিন্টু, মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
মতবিনিময় শেষে, সকল মতভেদ ভুলে সমাজের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর বিধানের পক্ষে হেযবুত তওহীদের এই মহতি উদ্যোগের সাথে ঐক্যমত পোষণ করেন উপস্থিত গণমাধ্যম কর্মীরা।