Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / মাদুরোর মতো ট্রাম্পকেও আটক করে বিচার করা উচিত: আজঘাদির - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাদুরোর মতো ট্রাম্পকেও আটক করে বিচার করা উচিত: আজঘাদির

January 10, 2026 06:02:04 PM   দেশেরপত্র ডেস্ক
মাদুরোর মতো ট্রাম্পকেও আটক করে বিচার করা উচিত: আজঘাদির

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে মার্কিন বিশেষ বাহিনী আটক করেছে, ঠিক একইভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও আটক করে বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশিষ্ট চিন্তাবিদ হাসান রহিমপুর আজঘাদি।

শনিবার (১০ জানুয়ারি) ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বিচার দাবি করে আজঘাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের খামখেয়ালি ও আগ্রাসী কর্মকাণ্ডের বিষয়ে বিশ্বনেতারা রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছেন।

হাসান রহিমপুর আজঘাদি বলেন, ট্রাম্প যেভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার দাবি, ক্ষমতায় থাকাকালীন কিংবা ক্ষমতা ছাড়ার পর যেকোনো অবস্থাতেই ট্রাম্পকে আটক করে তাঁর কৃতকর্মের বিচার করা এখন সময়ের দাবি।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও ট্রাম্পকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। গত শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি ট্রাম্পের ‘পতনের’ পূর্বাভাস দেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের উদাহরণ টেনে খামেনি বলেন, যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন হয়েছিল, ঠিক একইভাবে ‘অহংকারী’ ট্রাম্পও পতনের মুখে পড়বেন। একই সঙ্গে তিনি ট্রাম্পকে অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করে নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ প্রসঙ্গে খামেনি অভিযোগ করেন, কিছু উসকানিদাতা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে যুক্তরাষ্ট্রকে খুশি করার চেষ্টা করছে। তিনি বলেন, শত শত মানুষের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত এই ইসলামি প্রজাতন্ত্র কোনো বিদেশি শক্তির কাছে কখনো মাথানত করবে না।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি), যখন ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার ঘটনার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইরানের এই আক্রমণাত্মক অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।