Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মাদারীপুরে জমি বিরোধে কিশোরকে পিটিয়ে জখম, হাসপাতালে মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাদারীপুরে জমি বিরোধে কিশোরকে পিটিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

April 26, 2026 05:19:43 PM   অনলাইন ডেস্ক
মাদারীপুরে জমি বিরোধে কিশোরকে পিটিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

মাদারীপুরের ডাসার উপজেলায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর মারুফ সরদার (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসাধীন অবস্থায় জীবনযুদ্ধ হারায় সে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, আর প্রধান অভিযুক্তসহ অন্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মারুফ। এর আগে শনিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় জমি মাপজোখকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই এলাকার নুর ইসলাম সরদার ও মোফাজ্জেল সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষ মাপজোখ করতে গেলে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মোফাজ্জেল সরদারের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নুর ইসলামের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে নুর ইসলাম সরদার, তার ছেলে মারুফ, স্ত্রী মানিনুর বেগমসহ একই পরিবারের আরও কয়েকজনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

মারুফের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই রোববার সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর পর ভেঙে পড়েছেন বাবা নুর ইসলাম সরদার। তিনি অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই, দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।”

এদিকে, ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত মোফাজ্জেল সরদারসহ অন্য আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। মারুফের মাথায় গুরুতর আঘাত থাকায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের মা মাহিনুর বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১২ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।